Sunday, 20 April 2014

শুরু হোক রঙিন ১৪২১

প্রতিটা উতসব একেকটা রঙ আছে । উতসব বললে হয়ত ভুল হবে, প্রতিটা বিশেষ দিনের জন্য বিশেষ রঙ। ভালেনটাইন্স ডে তে লাল, ২১ শে ফেব্রুয়ারী শোক দিবসে কালো সাদা, স্বাধীনতা দিবস লাল সবুজ। 

ভালেনটাইন্স ডে এর জন্য লাল, ঠিকই আছে বোধ হয়, লাল হল ভালবাসার রঙ।
শোক দিবসে কালো, যথার্থ।

স্বাধীনতা দিবস, বিজয় দিবসে লাল-সবুজ, পতাকার রঙে দেশ প্রেমের ভক্তি ফুটে ওঠে।
কিন্তু লাল সাদা বাংলা বর্ষ বরণের সাথে মিলটা কোথায় এটা আমার জানা নাই। আমরা বাংলাদেশী বাঙালি, আমরা উতসবের মুখরতা ভালবাসি। আমাদের একটা অতি সমৃদ্ধ সংস্কৃতি আছে। আমরা খালি পেটে থেকেও আনন্দ করতে পারি। শুধু মনের জোরের কারনেই তো পারি। আসলে আমাদের মনটা হল একটা রঙের আস্তানা। এই রঙগুলো আমাদের মন থেকে বের হয়ে এসে চারিদিকে ছড়ায় । পোশাকেও ছড়ায় । পহেলা বৈশাখে আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি উজার করে মনে করি। কিন্তু মনের রঙ তো শুধু লাল-সাদা নয় । আমার নিজস্ব মত হল , শুধু লাল-সাদা নয়, পহেলা বৈশাখ মানে রঙিন সবকিছু। সকল মনের রঙের একটা মাখামাখি উতসব । সবধরনের রঙ ছড়াক ছারিদিকে, পোশাকেও।

সবাইকে বাংলা নববর্ষের রঙিন শুভেচ্ছা। শুরু হোক রঙিন ১৪২১ ।

কিছু লিখতে হয় ২

সকাল সাড়ে ৭ টা । দেখলাম একটা মাইক্রোবাসের গায়ে লেখা “ফকির ফ্যাশান”। ফকির এর আবার ফ্যাশান, তাও আবার গাড়ি কিনসে, সেই গাড়ি নিয়ে আবার সকাল সকাল বের হইসে, বেটা যাচ্ছে কোথায় ? মহাখালি ? উনি কি তাহলে ফকির সমাজের বড় টাইপ কোন নেতা । হতে পারে, তাহলে তো ঠিকই আছে, গাড়ি ছাড়া গেলে কি মান-ইজ্জত কিছু থাকবে না ! কোন এক আড্ডায় শুনেছিলাম, মহাখালির এক ফকির তার এই একমাত্র জীবিকা ফকিরগিরি করে ঢাকা শহরে ৬ তলা বাড়ি করেছে। আচ্ছা, উনার বাড়িটা কি উনার নিজের তদারকিতে করা নাকি কোন ডেভেলপার ? নিজের একটা গাড়িও আছে। উনাকে ড্রাইভার ভোর বেলা মহাখালিতে উনার নির্ধারিত ভিক্ষা পয়েন্ট এ ড্রপ করে দিয়ে যায় । আচ্ছা, উনার ড্রাইভার চায়ের দোকানের আড্ডায় বসলে উনার মালিক নিয়ে কি গল্প করে ? “ফকির ফ্যাশান” লেখা গাড়িটা উনারই কিনা কে জানে । সবই আমার ধারণা । এটা কারো নামের অংশ এবং সেই জের ধরে প্রতিষ্ঠানের নামই হবে ।

কিছুক্ষন সামনে এগিয়েই দেখি একটা পুলিশের গাড়ি রাস্তায় জ্যাম পর্যবেক্ষণ করছে । ওমা, গাড়ির গায়ে বোল্ড করে লেখা “ইন্ডাস্ট্রিয়াল পুলিশ” । মানে কি ? পুলিশের মধ্যে কি ইন্ডাস্ট্রিয়াল, রেসিডেনশিয়াল, কমার্শিয়াল এই ভাগাভাগির ব্যাপারটা আছে নাকি ? শব্দার্থ করলে আসে “শিল্পজাত পুলিশ”, মানে কি হল , জাত গত ভাবে যাদের মধ্যে শিল্প আছে সেই সকল পুলিশ ? নাকি শিল্পীমনা পুলিশ, নাকি পরিশ্রমী উদ্যোগী পুলিশ । পুলিশ ভাইদের সাথে কি শব্দগুলা মানাচ্ছে । প্রতিটা শব্দের , প্রতিটা ব্যাপারের এতটা ভেতরে যাবার কোন দরকার নাই । শেষে দেখা যাবে কেঁচো খুঁড়তে সাপ বের না হয়ে আস্ত ডাইনোসর মাথা বের করেছে ।